আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত হওয়ায় তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.০২ ডলার কমে ৮১.১৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন। একপর্যায়ে এর দাম ব্যারেলপ্রতি ৮০.৮৯ ডলারেও নেমে আসে।
একইভাবে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে। মঙ্গলবার এর দাম ২.২২ ডলার বা ২.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮.৫৩ ডলারে পৌঁছেছে, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন। লেনদেনের সময় এটি ৭৮.২৭ ডলারেও নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এই সমঝোতার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমিয়ে তেলের দামে চাপ সৃষ্টি করেছে। এই পতনের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গেছে।
রিপোর্টারের নাম 
























