জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন বেলাল (৬২) নামে এক বিশিষ্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর বাজারের উত্তর পাশে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন বেলাল মেলান্দহ উপজেলাধীন শ্যামপুর ইউনিয়নের মেঘারবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মেলান্দহ বাজারের মেসার্স কেবি ট্রেডার্স এবং মেসার্স সোনালী ব্রিক্সের স্বত্বাধিকারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বেলায়েত হোসেন বেলাল নিজ বাড়ি থেকে মোটর সাইকেলে মেলান্দহ বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























