নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ ও সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা সাহাদৎ হোসেন সাগর আগ্রাদ্বিগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, গত ৬ এপ্রিল আগ্রা কালিমন্দির এলাকায় কয়েকজন ব্যক্তির সঙ্গে ইয়াবাসহ মাদক সেবনকালে বর্ডার গার্ড বাংলাদেশ-এর একটি দল তাকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয় এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সাহাদৎ হোসেন সাগরের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িকভাবে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী অবস্থানে দলের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছে।
রিপোর্টারের নাম 

























