লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারবিরোধী বিশৃঙ্খলা, মারধর ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্যসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শাকুর মঙ্গলবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রাব্বি বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান অভিযুক্ত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান। এছাড়াও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক মিজান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক মোরশেদুল আমিন বাবু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব সহিদ চৌকিয়া, যুবলীগ নেতা বাচ্চু, বেল্লাল আহমেদ, কামরুল ইসলাম, সৈকত মাহমুদ শামছু, ইরান, মিলন পাটওয়ারী, রিয়াদ হোসেন, ফিজু, তুহিন মালিক, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, জাকির হোসেন, শাকিল হোসেন, সাহাবুদ্দিন, জসিম জদ্দিন, মামুন হোসেন, বিল্লাল হোসেন, জসিম, মো. রাসেল, মো. রবিন, শামীম, আলী হোসেন রকি, মহিন আলী, বিল্লাল হোসেন, আব্দুল হান্নান বাবু সহ অজ্ঞাত ১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জুন রাতে আসামিরা ভিডিও গ্রুপ কলের মাধ্যমে ভোলাকোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে জড়ো হয়। সেখানে তারা ভিডিও কলে সংযুক্ত থেকেই ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, একটা একটা লোক ধর, ধইরা ধইরা জবাই কর’—এমন স্লোগান দিয়ে সরকারবিরোধী বিশৃঙ্খলা সৃষ্টি করে। খবর পেয়ে বাদী রাব্বি ও তার সাক্ষীরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তাদের ওপর হামলা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়।
এ বিষয়ে ছাত্রদল নেতা রবিউল হাসান রাব্বীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রিপোর্টারের নাম 

























