যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে লক্ষ্মীপুর জেলার এক প্রবাসী বাংলাদেশি নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইয়াসমিন নামের ওই নারীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ফোর্ট মায়ার্স পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। ইয়াসমিনের মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী লক্ষ্মীপুরের কমলনগরের শাহিদুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে ইয়াসমিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। সকাল ৭টা ২৭ মিনিটে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলার ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির সামনের ও পাশের কাঁচ ভাঙচুর করছে। এরপর ইয়াসমিন দোকান থেকে বের হয়ে এলে ওই ব্যক্তি তার ঘাড় লক্ষ্য করে আঘাত করে। এতে ইয়াসমিন তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় আরও কয়েকবার আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।
ফোর্ট মায়ার্স পুলিশের বরাত দিয়ে শাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অভিযান চালায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে এবং বিকেলে তাকে গ্রেপ্তার করে। পুলিশ ধারণা করছে, এই সন্দেহভাজন ব্যক্তি অতীতে সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারে। তবে অভিযুক্তের নাম-পরিচয় বিস্তারিত জানানো হয়নি।
রিপোর্টারের নাম 

























