অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের প্রতিষ্ঠিত ও পরিচালিত সামাজিক ও ধর্মীয় সংগঠন ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে মার্চ ও এপ্রিল মাস জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এই অনুষ্ঠানগুলোতে আলোচক হিসেবে যোগ দিতে বাংলাদেশের পরিচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের আরেক স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আহমাদুল্লাহও সেখানে এসে পৌঁছাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
“লিগ্যাসি অফ ফেইথ” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে প্রবাসী বাংলাদেশিদের সপরিবারে অংশগ্রহণের জন্য আয়োজক সংগঠন আইপিডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে। তারা জানিয়েছে, https://25years.ipdc.org.au/ ওয়েবসাইটে টিকিট ক্রয় করে অংশগ্রহণে ইচ্ছুক যে কোনো প্রবাসী বাংলাদেশি তাদের আসন নিশ্চিত করতে পারেন।
৩১ মার্চ মঙ্গলবার বিকেল ছয়টায় ব্রিসবেন ইসলামিক কলেজে প্রথম “লিগ্যাসি অফ ফেইথ” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৩ এপ্রিল শুক্রবার বিকেলে মেলবোর্নের আল তাকওয়া কলেজ, ৪ এপ্রিল শনিবার বিকেলে সিডনির ডায়মন্ড ভেন্যু, ৬ এপ্রিল সোমবার বিকেলে ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল শুক্রবার বিকেলে এডিলেইডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল শনিবার পার্থে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ তাঁদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।
আয়োজক সংগঠন আইপিডিসি আশা করছে, এই আয়োজন এবং সংগঠনের নিয়মিত নানা আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিশু, কিশোর, তরুণ, নারী সহ সকল প্রবাসী বাংলাদেশি তাঁদের প্রবাস জীবনে ইসলাম চর্চায় উৎসাহিত হবেন এবং উপকৃত হবেন।
রিপোর্টারের নাম 

























