জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া রাজনৈতিক উক্তি সম্বলিত ফটোকার্ডগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন যে, তার নাম ও উপস্থাপনা শৈলী নকল করে তৈরি করা এসব ভুয়া ফটোকার্ডের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
২৬ মার্চ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হানিফ সংকেত বলেন, ‘সুহৃদ, আমি দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি— সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা কেবল অন্যায় নয়, এটি একটি অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনা শৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।’
হানিফ সংকেত আরও উল্লেখ করেন, ‘দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফাইড প্ল্যাটফর্মে এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।’
বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে নেটিজেনদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এআই’র অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরও সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত করবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।’
রিপোর্টারের নাম 

























