দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস ডুবির ঘটনায় পুরো দেশ গভীর শোকাহত। একের পর এক ২৬টি নিথর দেহ ভেসে ওঠায় স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস এবং সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। এই হৃদয়বিদারক ঘটনায় শোবিজ অঙ্গনের তারকারাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এমনই এক নিঃশব্দ বেদনার প্রকাশ ঘটিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা এসকে ফিল্মের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা। শোকাহত পরিবারগুলোর প্রতি রইলো আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালা যেন নিহতদের জান্নাত নসীব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ‘ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, নিরাপদ যাত্রা নিশ্চিত করা ও চালকদের আরও বেশি সচেতনতা থাকা উচিত।’
গতকাল (২৫ মার্চ) রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ৮ জন জীবিত উদ্ধার হয়েছেন। তবে, এখনো আনুমানিক ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 

























