পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে এবং দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাবের কথা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আল জাজিরাকে বলেছেন, “সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে ইসলামাবাদ সবসময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান ধারাবাহিকভাবেই সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়ে আসছে।”
আন্দ্রাবির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন এবং দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের “খুব ভালো” আলোচনা চলছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনার কথা অস্বীকার করেছে, তবে মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে পাকিস্তান, মিশর ও তুরস্ক গত কয়েক দিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান করছে।
কিছু সংবাদ প্রতিবেদনে এমন আভাসও পাওয়া গেছে যে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে উভয় দেশের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যদিও কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি।
রিপোর্টারের নাম 




















