দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সংগীতশিল্পী এস আই টুটুল নিয়মিতভাবে সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দুটি নতুন গান প্রকাশ করেছেন, যার মধ্যে একটি প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হয়েছে।
শহীদুল হক সোহেলের কথায় ‘বন্ধু কেউ নয়’ শিরোনামের গানটি ঈদের দিন প্রকাশিত হয়। এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজনও করেছেন এস আই টুটুল নিজেই। গানটি শেয়ার করে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘এই গানটি উৎসর্গ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক রক আইকন এ বি বসকে (আইয়ুব বাচ্চু)। যিনি এ বছর একুশে পদক পেয়েছেন। আল্লাহ পাক বসকে জান্নাত দান করুন।’
অন্যদিকে, ‘তুমি কৃষক ভালো না’ শিরোনামের গানটি চাঁদরাতে মুক্তি পায়। দুটি গানই তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এস আই টুটুল একসময় জনপ্রিয় ব্যান্ড এলআরবি-এর সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে তিনি কি-বোর্ড বাজানোর পাশাপাশি ব্যাকআপ ভোকাল হিসেবেও কাজ করতেন। ২০০৩ সালে ব্যান্ড ছাড়ার পর তিনি নিজের ব্যান্ড ‘ফেস টু ফেস’ গড়ে তোলেন এবং পরবর্তীতে একক ক্যারিয়ারে মনোযোগ দেন।
রিপোর্টারের নাম 

























