ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ ছবিটি রাজধানী ঢাকাসহ সারা দেশের সিঙ্গেল স্ক্রিন ও বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও স্টার সিনেপ্লেক্সে এর প্রদর্শনী নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ঈদের দিন থেকে ছবিটির কোনো শো চলেনি অভিজাত এই মাল্টিপ্লেক্সে, যা দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
জানা গেছে, পরিবেশক কর্তৃক নির্ধারিত সময়ে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ ফরম্যাট) না পাওয়া এবং ডিসিপি সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতার কারণেই দর্শকনন্দিত ছবিটি স্টার সিনেপ্লেক্সে চালানো সম্ভব হয়নি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রিন্স’ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানায়, যেখানে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখাও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’-এর মতো ছবিগুলোর শো-টাইম প্রকাশ হলেও ‘প্রিন্স’-এর তালিকা ছিল অনুপস্থিত।
তবে আশার কথা হলো, গত রোববার রাত ৮টা ১০ মিনিট থেকে ‘প্রিন্স’-এর একটি শো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘পরীক্ষামূলক এই প্রদর্শনীর পর সাউন্ড, ভিজ্যুয়ালসহ সব ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিনেমাটি পরিবেশকের কাছ থেকে নির্ধারিত সময়ে না পাওয়ায় প্রদর্শনীতে বিলম্ব হয়েছে।’
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় জানায়, ‘স্টার সিনেপ্লেক্সে তৃতীয়বারের মতো ডিসিপি জমা দেওয়ার পরও তাদের সার্ভারের সঙ্গে সঠিকভাবে ম্যাচ করছে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে একই ডিসিপি দিয়ে ‘প্রিন্স’-এর শো চলছে, কিন্তু স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে।’ তারা আশা প্রকাশ করে যে, সমস্যাটির দ্রুত সমাধান হবে এবং আগামীকাল থেকেই স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ছবিটি দর্শকরা উপভোগ করতে পারবেন। ধৈর্য ধরার জন্য শাকিব খান ভক্তসহ সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
রিপোর্টারের নাম 

























