ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ডার্ক-থ্রিলার ‘রাক্ষস’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ দেখা গেছে। দীর্ঘ প্রস্তুতি ও প্রতীক্ষার পর বড় পর্দায় সিয়ামের ভিন্নধর্মী উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে।
ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির যাত্রা শুরু হয়েছিল। তবে দর্শকদের অভূতপূর্ব সাড়া ও চাহিদার প্রেক্ষিতে বর্তমানে এর শো সংখ্যা ২০-এর অধিক ছাড়িয়েছে। সিনেমার কলাকুশলীরা এই অভাবনীয় সাড়ায় অত্যন্ত উচ্ছ্বসিত।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ তার দ্বিতীয় চলচ্চিত্র। তার প্রথম সিনেমা ছিল ‘বরবাদ’, যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতা জানিয়েছেন, ‘রাক্ষস’ সিনেমাটি ‘বরবাদ’-এর ইউনিভার্সেরই অংশ।
এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়াও রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেক তারকা। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
প্রযোজক শাহরিন আক্তার সুমি এই প্রসঙ্গে বলেন, ‘রাক্ষস’ ঘিরে দর্শকদের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিদিনই এর শো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে আমরা সিনেমাটি থেকে দারুণ সাড়া পেয়েছি। এভাবে চলতে থাকলে ‘রাক্ষস’ নিঃসন্দেহে একটি বড় সাফল্য অর্জন করবে।
উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল, যা চিত্রতারকা শাকিব খানকে নিয়ে নির্মিত হয়েছিল এবং এটি ব্লকবাস্টার হিট হয়েছিল। শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত ‘রাক্ষস’ সিনেমাটির চিত্রধারণ করা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের মুম্বাইতে।
রিপোর্টারের নাম 

























