নেত্রকোনার দুর্গাপুর উপজেলাকে একটি মানবিক জনপদ এবং সমৃদ্ধ পর্যটন এলাকায় পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি।’
রবিবার দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ এবং নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ভূমিকার গুরুত্ব অপরিসীম বলে তিনি মন্তব্য করেন এবং তরুণ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।
রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলের সমালোচনা করে তিনি বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের বা ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি এমন এক দুর্গাপুর গড়ার স্বপ্ন দেখেন যেখানে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।
দুর্গাপুরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ডেপুটি স্পিকার জানান, এলাকায় নতুন রেললাইন স্থাপন, সোমেশ্বরী ও মহাদেও নদীর ওপর সেতু নির্মাণসহ একাধিক বড় প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, অবৈজ্ঞানিকভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। তাই এখন থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ও নিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও, কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এবং চিকিৎসক ও সমাজসেবক ডা. দিবালোক সিংহ। এছাড়াও স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























