রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে সাত দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি-র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে এই কর্মসূচির ঘোষণা দেন।
প্রশাসক জানান, আগামী সাত দিন ধরে কামরাঙ্গীরচরে মশকনিধন কার্যক্রম জোরদার করা হবে। তবে তিনি নাগরিকদেরও নিজ নিজ বাড়ির আঙিনা ও ড্রেনে পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
পাশাপাশি, কামরাঙ্গীরচর সড়ক আট লেনে উন্নীত করার ইনার সার্কুলার রোড প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদীতে আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নদী দখল রোধে স্থানীয়দের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রশাসক রাস্তাঘাট, ড্রেন ও খেলার মাঠ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। মসজিদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিবেশ রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য কামরাঙ্গীরচর গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এরপর তিনি বুড়িগঙ্গা গণপাঠাগার প্রাঙ্গণ এবং নদীর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























