হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল দ্রব্য পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা লাখাই উপজেলার মোড়াকরি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে অ্যালকোহল জাতীয় তরল দ্রব্য সংগ্রহ করে নিয়মিত নেশার উদ্দেশ্যে সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার ও বৃহস্পতিবার একে একে তাদের মৃত্যু হয়।
এর মধ্যে সুজিত দাসকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যান সুবেদ দাস। রঞ্জিতকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে সুদেব দাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতদের পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়ে কয়েকটি লাশ দাহ করেছেন। পরে সুদেব দাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, নেশাজাতীয় তরল দ্রব্যের উৎস, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























