নেত্রকোনা জেলার মদন উপজেলার পদারকোণা গ্রামের নয়াপাড়ায় বাড়ির সীমানা নিয়ে সৃষ্ট সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি রোববার (২২ মার্চ) সকালে ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া এবং প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্তু মিয়ার (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে এই বিরোধ চরম আকার ধারণ করে এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে মঞ্জু মিয়া গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া অভিযোগ করেছেন, বাড়ির সীমানায় বস্তা দেওয়া নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে আমীর হোসেন লাঠি দিয়ে তার বাবার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার বাবা মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেবাংশু দে জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























