সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম প্রিয় ও সাইদুল ইসলাম নামে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে উপজেলার গাগলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাসেল মিয়া নামে তাদের আরেক বন্ধু, যাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, নিহত শফিকুল ইসলাম প্রিয় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের উকিল আলীর ছেলে এবং সাইদুল ইসলাম একই গ্রামের আক্কেল আলীর ছেলে। ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে শফিকুল, সাইদুল এবং রাসেল মোটরসাইকেলে করে শিমুল বাগানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাগলি গ্রামে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় সাইদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, শিমুল বাগানে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই বন্ধু নিহত হয়েছেন এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ হতাহতদের আইনি সহায়তা প্রদানের জন্য কাজ করছে।
রিপোর্টারের নাম 

























