আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সম্প্রতি ফিলিস্তিনের স্বনামধন্য ‘ফিলিস্তিন টিভি’ তাদের প্ল্যাটফর্মে সংস্থাটির গাজা ও সুদানে পরিচালিত বিভিন্ন জনহিতকর কার্যক্রমের সম্প্রচার করেছে। এই প্রচারণার ফলে ফিলিস্তিন টিভির প্রায় ৬ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ফেসবুক পেজ এবং ১.৯ মিলিয়ন ফলোয়ারের ইউটিউব চ্যানেলেও সংস্থাটির কার্যক্রম তুলে ধরা হয়েছে, যা বিশ্বব্যাপী এর পরিচিতি বাড়াতে সহায়ক হয়েছে।
এর আগে আলজাজিরা, বিবিসি, মিশর টাইমসসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমেও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার সংস্থা থেকেও সংস্থাটির কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে, যা তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করেছে। সম্প্রতি ফিলিস্তিন টিভির একটি প্রতিনিধি দল সরেজমিনে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম পর্যবেক্ষণ করতে এসে সন্তোষ প্রকাশ করে। তারা মাঠপর্যায়ে সংস্থাটির কর্মকাণ্ড, স্থানীয় সমন্বয় এবং বাস্তবায়িত সহায়তা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
জানা গেছে, ঈদের পর গাজার অভ্যন্তরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রমের উপর একটি বিশেষ তথ্যচিত্র ফিলিস্তিন টিভিতে সম্প্রচারিত হবে। গাজায় সুচারুভাবে পরিচালিত মানবিক কার্যক্রমের অনুসন্ধানে একাধিক সূত্রে বারবার এই সংস্থার নাম উঠে আসায় ফিলিস্তিন টিভি বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ এই আন্তর্জাতিক স্বীকৃতিকে বাংলাদেশের মানবিক উদ্যোগের এক ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ শুরু থেকেই স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা এবং মানুষের আমানত যথাস্থানে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। এই মূলমন্ত্রকে সামনে রেখে সংস্থাটি ধারাবাহিকভাবে তাদের কার্যক্রমের প্রমাণ, সমন্বয়, বাস্তব চিত্র এবং প্রয়োজনীয় তথ্য জনসাধারণের সামনে উপস্থাপন করে আসছে।
রিপোর্টারের নাম 
























