ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও দর্শকদের সামনে আসছেন তার আলোচিত চরিত্র ‘বুলবুলি’ রূপে। গত বছর ‘বেশি বলে বুলবুলি’ নাটকে অতিকথনপ্রিয় এই মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এবার ঈদ উৎসবে সেই বুলবুলি চরিত্রের নতুন কিস্তি নিয়ে হাজির হচ্ছেন এই তারকা।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের নাম ‘বেশি বলে বুলবুলি ২’। রুবেল হাসানের পরিচালনায় মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর বিপরীতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বিশ্বজিৎ দত্তের সিনেমাটোগ্রাফিতে নাটকটি আরও উপভোগ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
প্রথম পর্বে বুলবুলির বেশি কথা বলার অভ্যাস শ্বশুরবাড়ির সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। কিন্তু এবার সেই অতিকথন শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পাড়া-প্রতিবেশী ছাড়িয়ে স্বামীর কর্মস্থল পর্যন্ত বিস্তৃত হবে। এতে তাদের সংসারে নেমে আসবে অপ্রত্যাশিত বিপদ। নির্মাতা আশাবাদী যে এবারের পর্বটিও দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, এবারের ঈদে সিএমভি’র অন্যতম আকর্ষণীয় নাটক হিসেবে ‘বেশি বলে বুলবুলি ২’ মুক্তি পাবে। এটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদ সপ্তাহের যেকোনো দিন দর্শকরা দেখতে পারবেন।
রিপোর্টারের নাম 

























