দেশের পপ সংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবং এ প্রজন্মের জনপ্রিয় পপ শিল্পী খন্দকার বাপ্পি এবার নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। ‘ফাঁকি’ শিরোনামের এই বিশেষ গানটি সম্প্রতি ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে, যা শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
গানটিতে মানুষের জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য এবং আত্ম উপলব্ধির গভীর বার্তা তুলে ধরা হয়েছে। ‘মন উজালা মন উতলা/ খেলছো তুমি কিসের খেলা’— এমন হৃদয়গ্রাহী ও অর্থবহ কথায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মেহেদী বাপন, যিনি গানটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন।
গানটিকে ঘিরে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও, যেখানে মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। ভিডিওটি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে।
গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। ‘ফাঁকি’ গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে আমার একটি দারুণ মেলবন্ধন তৈরি হলো। আশা করছি গানটি সবার মন ছুঁয়ে যাবে।” অন্যদিকে, খন্দকার বাপ্পি এই অর্জনকে তাঁর সংগীত জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে বলেন, “ফেরদৌস ওয়াহিদ স্যারের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারা সত্যিই অসাধারণ। তাঁরুণ্যদীপ্ত সেই একই এনার্জি নিয়ে তিনি গানটি গেয়েছেন, যা শ্রোতারা পছন্দ করবেন।” গীতিকার তারেক আনন্দও আশা প্রকাশ করে বলেন, “ফেরদৌস ওয়াহিদ আমাদের সংগীতের এক জাদুকরী নাম। তাঁর চিরচেনা সেই দরাজ কণ্ঠের কথা মাথায় রেখেই ‘ফাঁকি’ গানের কথাগুলো সাজিয়েছি। বাপ্পির গায়কীও অসাধারণ। আশা করি, শ্রোতারা গানটির মাঝে জীবনের দর্শন খুঁজে পাবেন।”
রিপোর্টারের নাম 

























