মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এই সম্মাননা তাকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে, রফিকুল ইসলাম তার সহপাঠীদের সাথে মিলে তৈরি করা উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ‘জিভেনটো’র জন্যও বিশেষ স্বীকৃতি লাভ করেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত নুজুল আল-কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে অবদানের মূল্যায়ন করা হয়।
চলতি বছর বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন এবং আফ্রিকার চারজন শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়। তাদের মধ্যে রফিকুল ইসলাম একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে নেতৃত্ব পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘সিটি ইউ বাংলাদেশি ইউথ ক্লাব’-এর প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও, মালয়েশিয়ায় তার নেতৃত্বযাত্রা শুরু হয় ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’-র যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে। তিনি এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্সের বিচারক এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকৌশল অনুষদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া’-র কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠিত করা ও নেতৃত্ব বিকাশে কাজ করছেন। পাশাপাশি, তিনি জেসিআই মালয়েশিয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে ‘জিভেনটো’ নামের একটি উদ্ভাবনী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টও বিশেষ স্বীকৃতি পায়। আশরাফুল, রফিক এবং জাহিদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই প্রজেক্টটি পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, শিক্ষার্থীদের তৈরি এ ধরনের ডিজিটাল প্রজেক্ট ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 

























