মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে মিত্রদের প্রতি ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ এনেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম বিন জাবের আল থানি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান যখন উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে, ঠিক সেই সময়ে কাতারের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো বারবারই বলেছে যে আমরা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নিচ্ছি না এবং কোনোভাবেই উত্তেজনা বৃদ্ধিতে আগ্রহী নই। আমরা বরং কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান খুঁজতে চেষ্টা করছি।’
তিনি আরও জানান, ‘কিন্তু যুদ্ধ শুরুর এক ঘণ্টার মধ্যেই আমরা দেখেছি যে ইরান নির্বিচারে কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতে হামলা চালাচ্ছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার জন্য ক্ষমা প্রার্থনা করলেও, তার বক্তব্যের পরও আমাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান।’
আল থানি এই ঘটনাকে ‘বড় ধরনের বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, ‘বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোতে হামলার মাধ্যমে ইরান যে ভুল করছে, তা সবকিছু ধ্বংস করে দেবে।’ তবে তিনি আশ্বস্ত করেন যে, কাতার কোনো প্রতিশোধমূলক হামলায় যাবে না। বরং ইরানের সঙ্গে সংলাপ এবং কূটনৈতিক পন্থায় সংকট সমাধানে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 




















