দুই সদস্যের ব্যান্ড ছাড়ার ঘোষণার পর জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’ তাদের নতুন লাইনআপ ঘোষণা করেছে। দলটিতে নতুন করে তিনজন সঙ্গীতশিল্পী যুক্ত হয়েছেন। এই নতুন সংযোজনের মধ্যে উল্লেখযোগ্য হলো দলের পুরনো গিটারিস্ট শিশির আহমেদের প্রত্যাবর্তন।
ফেসবুকে এক পোস্টে ‘অর্থহীন’ জানিয়েছে যে তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাদের দুজন অসাধারণ সঙ্গীতশিল্পীকে বিদায় জানাচ্ছে, যারা তাদের গান ও আত্মার সঙ্গে মিশে ছিলেন। ব্যান্ডের পক্ষ থেকে মার্ক ডনকে ‘হৃৎস্পন্দন’ হিসেবে অভিহিত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, গত ১০ বছর ধরে মার্ক ডন ‘অর্থহীন’-এর হৃৎস্পন্দন ছিলেন। ড্রামিং, গিটার, কীবোর্ড— সবখানেই তার নিষ্ঠা ও এনার্জি ছিল অতুলনীয়। সঙ্গীত জগতে এক দশক একটি জীবনকালের সমান, এবং মার্কের স্মৃতি ব্যান্ডের অ্যালবাম ও কনসার্টের প্রতিটি বিটে চিরস্থায়ী হয়ে থাকবে।
সকালে ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়ে মার্ক ডন ফেসবুকে লেখেন, ‘আজ থেকে ‘অর্থহীন’-এর সঙ্গে আমার যাত্রার সমাপ্তি হলো। গত ১০ বছরের পথচলা শুধু সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ব্যক্তিগত বিকাশ, অসংখ্য স্মৃতি এবং দীর্ঘ সময়ের অধ্যবসায়। এই অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।’ মার্ক ডন ২০১৬ সালে প্রকাশিত অ্যালবাম ‘ক্যান্সারের নিশিকাব্য’ রেকর্ডিংয়ের দিনগুলো, ‘ফিনিক্সের ডায়েরি ১’ এবং ‘ফিনিক্সের ডায়েরি ২’ তৈরির সময় নির্ঘুম রাত, আবেগঘন মুহূর্ত, দীর্ঘ অনুশীলন এবং টানা সফরের অভিজ্ঞতা স্মরণ করেন। তিনি বলেন, এই এক দশকে তিনি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছেন, দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা— প্রত্যেকবার ফিরে আসার সময় তিনি ব্যান্ডের জন্য তার সর্বোচ্চটা দিয়েছেন।
গিটারিস্ট এহতেশামকে নিয়ে ‘অর্থহীন’ লিখেছে, ‘নিজের কাজে একজন ওস্তাদ মানুষ। এহতেশাম তার গিটারের মেলোডি ও টেকনিক্যাল মুন্সিয়ানার মাধ্যমে আমাদের সাউন্ডে এক নতুন মাত্রা যোগ করেছিলেন। ব্যান্ডের সাম্প্রতিক গানগুলো তৈরিতে তার অবদান অনস্বীকার্য।’
নতুন তিনজন সঙ্গীতশিল্পী ‘অর্থহীন’ ব্যান্ডে যোগ দিয়েছেন। এদের মধ্যে শিশির আহমেদ গিটার ও কীবোর্ডে ফিরে এসেছেন। তিনি ২০২৩ সালে ‘অর্থহীন’-এর সঙ্গে ২০ বছরের পথচলার ইতি ঘটিয়েছিলেন। শিশিরের ফেরার খবর দিয়ে ‘অর্থহীন’ লিখেছে, ‘হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন! আমাদের পুরোনো এবং প্রিয় শিশির ফিরে এসেছে! কীবোর্ড ও গিটারে!’
রিপোর্টারের নাম 

























