আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে বিশেষ একটি গান। ‘নারী যায় বাড়ি’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী—সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। গানটি মূলত নারীর সারাজীবনের এক অমীমাংসিত প্রশ্নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
প্রখ্যাত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর কথায় গানটির সুর করেছেন বরেণ্য সংগীতব্যক্তিত্ব পিলু খান। সংগীতায়োজনের দায়িত্ব পালন করেছেন মীর মাসুম। গানটির একটি দৃষ্টিনন্দন অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন মীর হিশাম ও সারাফ চিশতী। আগামী ৮ মার্চ নারী দিবসে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গানের মূল ভাববস্তু নিয়ে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী জানান, নারীরা জীবনভর নিজের একটু আশ্রয়ের সন্ধান করেন। কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি আবার কখনো সন্তানের বাড়িতে তাদের ঠিকানা হয়। কিন্তু নারীর নিজস্ব ঘর কোনটি—সেই চিরন্তন প্রশ্নটিই এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
সুরকার পিলু খান গানটি প্রসঙ্গে বলেন, ‘জঙ্গী ভাইয়ের সঙ্গে দীর্ঘ চার দশকের সংগীত জীবনে অনেক বিষয়ভিত্তিক কাজ করেছি। এবার সেই তালিকায় নতুন একটি মাত্রা যুক্ত হলো। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’
গানটি নিয়ে উচ্ছ্বসিত শিল্পী কোনাল বলেন, ‘সংগীত জগতের দুই কিংবদন্তি মানুষের সাথে কাজ করতে পারা আমার ক্যারিয়ারের বড় একটি প্রাপ্তি। চমৎকার এই সৃষ্টির অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
জানা গেছে, ৮ মার্চ থেকে গানটি বিশ্বের সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। একই সঙ্গে গানটির ভিডিও প্রকাশ পাবে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলসহ শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
রিপোর্টারের নাম 

























