দেশবরেণ্য ইসলামি বক্তা ও প্রখ্যাত আলেম মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কোরআন-সুন্নাহর মর্মবাণী প্রচার এবং সমাজ সংস্কারে আজীবন কাজ করে গেছেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। দেশজুড়ে ওয়াজ-নসিহতের মাধ্যমে তিনি একজন জননন্দিত বক্তা হিসেবে খ্যাতি লাভ করেন। তার জ্ঞানগর্ভ আলোচনা ও যুক্তিনির্ভর ব্যাখ্যা জনসাধারণের কাছে তাকে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।
১৯৪৭ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রখ্যাত আলেম। তার বাবা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীনও ছিলেন একজন স্বনামধন্য আলেম।
নিজ গ্রামেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। এরপর একই গ্রামের নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে ১৯৬৭ সালে ফাজিল সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাস করে তিনি তার একাডেমিক শিক্ষাজীবন সফলভাবে শেষ করেন।
রিপোর্টারের নাম 






















