সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘ দিন ধরে জলাবদ্ধতার শিকার। সামান্য বৃষ্টিতেই মাঠটি পানিতে তলিয়ে যাওয়ায় নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা খেলাধুলা চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় মাঠে বৃষ্টির পর পানি জমে থাকে এবং তা সহজে নিষ্কাশন হয় না। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে মাঠটি বছরের একটি বড় সময় খেলাধুলার অনুপযোগী থাকে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের চলাচল বিঘ্নিত হচ্ছে, তেমনই নিয়মিত ক্রীড়া চর্চাও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের মতে, এই মাঠটি চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয় ছাড়াও পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের এবং এলাকার তরুণদের প্রধান ক্রীড়া কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। মাঠটি অচল হয়ে পড়ায় খেলাধুলা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুকিত জানান, মাঠে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। দশম শ্রেণির শিক্ষার্থী রনি আহমেদ বলেন, ‘আগে প্রতিদিন বিকেলে আমরা মাঠে খেলতাম। এখন পানি জমে থাকায় খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। অনেকেই এখন মোবাইল ফোনে সময় কাটাচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি প্রশাসন অবগত রয়েছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে পানি নিষ্কাশন ব্যবস্থা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী হয়ে উঠবে এবং শিক্ষার্থীরা ফিরে পাবে সুস্থ ক্রীড়া পরিবেশ।
রিপোর্টারের নাম 





















