ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনায় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (নেটো) সরাসরি কোনো সংঘাতে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে। তবে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ব্রাসেলসে জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন এআরডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেটো প্রধান বলেন, ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িয়ে পড়া বা যুদ্ধের অংশ হওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেটোর নেই। তবে তিনি উল্লেখ করেন যে, জোটের মিত্র দেশগুলো চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টাকে সফল করতে নিজস্ব পর্যায় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা চালিয়ে যেতে পারে।
মার্ক রুটে আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সামরিক তৎপরতা চালাচ্ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই অভিযানের ফলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা এবং শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ জরুরি বলেও তিনি ইঙ্গিত দেন।
রিপোর্টারের নাম 






















