ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ফলন্ত ড্রাগন বাগান রাতের আঁধারে কেটে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাগানের এই করুণ দশা দেখে সহ্য করতে না পেরে মাঠেই স্ট্রোক করে লুটিয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক শাহজালাল। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে দেড় বিঘা জমি লিজ নিয়ে প্রায় তিন হাজার ড্রাগন গাছ লাগিয়েছিলেন শাহজালাল। ধারদেনা করে গড়ে তোলা এই বাগানে ফল আসতে শুরু করেছিল। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাগানের সব গাছ কেটে মাটিতে মিশিয়ে দেয়। এতে কৃষকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কৃষকের বাবা রবিউল ইসলামের অভিযোগ, গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল এবং তারা বাগান কেটে দেওয়ার হুমকিও দিয়েছিল। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার খান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একজন পরিশ্রমী কৃষকের স্বপ্ন এভাবে ধূলিসাৎ করার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 

























