ইরানের অভ্যন্তরে চলমান সামরিক অভিযানের মধ্যে নিজেদের ছয়জন সেনা সদস্যের নিহতের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার থেকে ইরান অভিমুখে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলা শুরু হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ইরানি ভূখণ্ডে প্রাথমিক হামলার সময় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই মার্কিন সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে আরও চার সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল, যা মিলিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।
সেন্টকম আরও উল্লেখ করেছে যে, ওই অঞ্চলে বর্তমানে বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে। সামরিক প্রথা অনুযায়ী, নিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। নিয়ম অনুযায়ী, নিহতদের নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই প্রাণহানির ঘটনা অঞ্চলটিতে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। অভিযান সংশ্লিষ্ট পরবর্তী বিস্তারিত তথ্য এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























