ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেটের আনাগোনার খবর পাওয়ার পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্র দূতাবাস। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং নিজের উপস্থিতি জাহির করা থেকে বিরত থাকতে হবে। মূলত সম্ভাব্য আকাশপথের হামলার ঝুঁকি এড়াতেই এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং ইরবিলের কনস্যুলেট জেনারেলে সাধারণ নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদেরও নিজ নিজ অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ইরাকে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ জোর দিয়েছে ওয়াশিংটন।
রিপোর্টারের নাম 






















