ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি টেলিফোনে আলাপ করেছেন। ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কাতারের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।
কাতারের আমির কার্যালয়ের (দিওয়ান) এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে ইরানের হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে। বর্তমান সংকটে কাতারের প্রতি রাশিয়ার সংহতি এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রস্তুতির জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুই শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা একমত হয়েছেন যে, এই মুহূর্তে উত্তেজনা প্রশমিত করা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা অপরিহার্য। সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমেই সংকটের দীর্ঘস্থায়ী সমাধান খোঁজার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুতিন ও শেখ তামিম।
রিপোর্টারের নাম 





















