ওমানের মুসান্দম উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে থাকা চারজন নাবিক আহত হয়েছেন। তবে ২০ সদস্যের ক্রু দলের সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র।
কর্তৃপক্ষ জানায়, পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের ওই ট্যাংকারটি মুসান্দম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ওমানি নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে চারজন আঘাতপ্রাপ্ত হলেও বাকিরা অক্ষত রয়েছেন। তবে হামলার ধরন বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনার কিছু সময় আগে ওমানের দুকম বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় একজন বিদেশি কর্মী আহত হয়েছিলেন। বন্দরের ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সমুদ্রে ট্যাংকারে হামলার এই খবর এলো।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাগুলো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে হামলার দাবি করেছিল। তালিকায় সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের মতো দেশগুলোর নাম রয়েছে। ওমান উপকূলে এই নতুন হামলার ঘটনা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
রিপোর্টারের নাম 




















