মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শনিবার ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি বিমানবাহিনীর দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানের ভূখণ্ডে ১ হাজার ২০০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে।
এই বিধ্বংসী হামলায় দেশটিতে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। হামলায় এখন পর্যন্ত অন্তত ১৪৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতদের মধ্যে একটি বড় অংশই স্কুলপড়ুয়া কোমলমতি শিশু বলে জানা গেছে।
এই নজিরবিহীন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিরীহ শিশুদের হত্যা করা একটি জঘন্য অপরাধ। এই কাপুরুষোচিত হামলার চরম মূল্য দিতে হবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে এবং সময়মতো এর প্রতিশোধ নেওয়া হবে। বর্তমানে পুরো অঞ্চলজুড়ে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























