মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরান। রোববার দেশটির রাজধানী আবুধাবিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে একযোগে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ইরানের ‘ষষ্ঠ দফার’ এই অভিযানে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনা ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভয়াবহ হামলার খবর নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, আবুধাবি বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন। এতে অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। হামলার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে বাণিজ্যিক নগরী দুবাইয়েও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় সকাল সোয়া আটটার দিকে বিজনেস বে এলাকায় অন্তত তিনটি বিকট বিস্ফোরণ ঘটে। জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হলেও এর ধ্বংসাবশেষ সরাসরি জেবেল আলি বন্দরে গিয়ে পড়ে। এতে দুবাইয়ের প্রধান এই বাণিজ্যিক বন্দরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্দর এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিনির্বাপক বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরান কেবল সংযুক্ত আরব আমিরাতেই নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলো লক্ষ্য করে এই দফায় বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এই হামলার ফলে পুরো অঞ্চলে এক চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে আমিরাত জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















