যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা ইরান। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কঠোর প্রতিশোধের হুঙ্কার দিয়েছে। একইসঙ্গে, দেশটির সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা একজন মহান নেতাকে হারিয়েছে এবং এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত। বিবৃতিতে আরও বলা হয়, মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে তাঁর শাহাদাত বরণ এই মহান নেতার বৈধতা এবং জনগণের প্রতি তাঁর আন্তরিক সেবার এক উজ্জ্বল প্রমাণ।
গার্ড বাহিনী দৃঢ়ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত এই ঘটনার হোতাদের কোনোভাবেই ছাড় দেবে না।
এর আগে, ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্স আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে। আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স বার্তা সংস্থা জানায়, শনিবার ভোরে নিজের কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থাতেই আলী খামেনি নিহত হন। এই হামলায় তাঁর মেয়ে, জামাতা এবং এক নাতনিও প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।
এই নজিরবিহীন ঘটনার পর ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে, সাত দিনের সরকারি ছুটিও জারি করা হয়েছে, যা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর ঘটনার গভীর প্রভাবের ইঙ্গিত দেয়।
রিপোর্টারের নাম 





















