আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে আগামী ৩ মার্চ থেকে। এই টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার জন্য টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত। ঈদযাত্রায় যাত্রীদের চাপ সামলাতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেনও চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে, যা যাত্রীদের জন্য একটি বড় সুবিধা। অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, ৩ মার্চ তারিখে ১৩ মার্চের, ৪ মার্চ তারিখে ১৪ মার্চের এবং এভাবে ৯ মার্চ তারিখে ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে।
ফিরতি যাত্রার ক্ষেত্রে, ১৩ মার্চ তারিখে ২৩ মার্চের, ১৪ মার্চ তারিখে ২৪ মার্চের এবং ১৯ মার্চ তারিখে ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা অগ্রিম ও ফিরতি মিলিয়ে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে, এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়। এছাড়া, যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ টিকিট স্টেশন কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে।
ঈদের আগে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হচ্ছে। ঈদের পর আবার এই সাপ্তাহিক ছুটি কার্যকর হবে। উল্লেখ্য, ঈদের আগে ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ রোধে বিশেষ নজরদারি থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট বিক্রির নামে ফেসবুকে কোনো ভুয়া লিংক ছড়ালে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।
বিশেষ ট্রেনের সময়সূচি:
ঈদ উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে।
চাঁদপুর ঈদ স্পেশাল-১: চট্টগ্রাম থেকে চাঁদপুর উদ্দেশ্যে বিকেল ৩:৩০ মিনিটে ছেড়ে রাত ৮:২০ মিনিটে পৌঁছাবে।
চাঁদপুর ঈদ স্পেশাল-২: ভোর ৪:০০ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮:৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।
তিস্তা স্পেশাল-৩: ঢাকা থেকে দেওয়ানগঞ্জ উদ্দেশ্যে সকাল ৯:৩০ মিনিটে ছেড়ে বিকেল ৩:৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে।
তিস্তা স্পেশাল-৪: বিকেল ৪:৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০:১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল-৫: ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ উদ্দেশ্যে সকাল ৬:০০ মিনিটে ছেড়ে সকাল ৮:০০ টায় পৌঁছাবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল-৬: বেলা ১২:০০ টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২:০০ টায় ভৈরববাজার পৌঁছাবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল-৭: ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ উদ্দেশ্যে ভোর ৫:৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮:৩০ মিনিটে পৌঁছাবে।
শোলাকিয়া ঈদ স্পেশাল-৮: বেলা ১২:০০ টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩:০০ টায় ময়মনসিংহে পৌঁছাবে।
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯: জয়দেবপুর থেকে পার্বতীপুর উদ্দেশ্যে সন্ধ্যা ৭:০০ টায় ছেড়ে রাত ২:৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।
পার্বতীপুর ঈদ স্পেশাল-১০: সকাল ৮:১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুর ২:২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।
রিপোর্টারের নাম 






















