ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর বিধান অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সকল প্রার্থীর জন্য এই হিসাব দাখিল বাধ্যতামূলক। এ সংক্রান্ত একটি চিঠি গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে সাংবিধানিক এই সংস্থা।
ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের নামের গেজেট প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের সময়সীমা আগামী ১৪ মার্চ শেষ হচ্ছে। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবশ্যই এই তারিখের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের বিবরণী দাখিল নিশ্চিত করতে হবে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সকল প্রার্থীকে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। একই সঙ্গে, নির্বাচন চলাকালীন সময়ে জারি করা পরিপত্র-১৮ তেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ২ হাজার ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের প্রত্যেকের ব্যয় বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া নিশ্চিত করাই চিঠির মূল উদ্দেশ্য।
রিপোর্টারের নাম 






















