কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে গ্রেপ্তারকৃত আল আমিন মোল্লাকে কুমিল্লা বিচারিক আদালতে পাঠানো হয়েছে। আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। সে বর্তমানে রামধনীমুড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ে হয়েছিল এক প্রবাসীর সঙ্গে। গত ১৯ ফেব্রুয়ারি, কিশোরীটি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে আল আমিন কৌশলে তাকে অপহরণ করে। এরপর আল আমিন তাকে নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন, আল আমিন ভুক্তভোগী কিশোরীকে দিয়ে আদালতে এফিটডেভিটের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, পলাতক দুই সহযোগীকেও দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশি তৎপরতা চলছে।
রিপোর্টারের নাম 
























