ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াশ মাহমুদ শুভর বাড়িতে এই ঘটনা ঘটে। নির্বাচনী বিরোধের জেরেই প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী তিয়াশ মাহমুদ শুভ জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ২০-২৫ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাসার মূল ফটকে এসে তাকে খুঁজতে থাকে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীরা পরবর্তীতে আবারও আসবে বলে হুমকি দেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
তিয়াশ মাহমুদ শুভ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী হিসেবে কাজ করছেন। নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তার দাবি।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টারের নাম 
























