টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে নিশ্চিত বিদায়ের পর শ্রীলঙ্কার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন চুরমার হওয়ার পর তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে বলেছেন, বিশ্ব ক্রিকেটের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে শ্রীলঙ্কা অচিরেই ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সহ-আয়োজক হিসেবে শুরুটা ভালো না হলেও, সুপার এইটে পৌঁছার আশা জাগিয়েছিল শ্রীলঙ্কা। তবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচে ধরাশায়ী হয়ে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হার লঙ্কানদের সেমিফাইনালের স্বপ্নকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। কিউইদের ছুঁড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি এখন তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতা।
ঘরের মাঠে এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সাঙ্গাকারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা ব্যক্ত করেছেন। সাবেক এই লঙ্কান অধিনায়ক লেখেন, “চারিদিকে অনেক হাহাকার। ভক্তরা বিধ্বস্ত, হতাশ ও ক্ষুব্ধ। খেলোয়াড়রাও ভীষণ কষ্ট পাচ্ছে। আমি এই ধরনের ড্রেসিংরুমে আগেও থেকেছি। এটা মোটেও সহজ নয়।”
বৈশ্বিক আসরে ব্যর্থতার কারণে যখন চারদিকে সমালোচনার ঝড় বইছে, তখন সাঙ্গাকারা স্মরণ করিয়ে দেন দেশের প্রতিনিধিত্ব করার গুরুদায়িত্ব। তিনি বলেন, “এই দায়িত্ব মাঠের লড়াইয়েরই অংশ। নিজের দেশ এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করা একই সঙ্গে যেমন একটি বোঝা, তেমনি বিশাল এক সম্মানের বিষয়।”
শ্রীলঙ্কার ক্রিকেট কাঠামোর দুর্বলতা এবং আধুনিক ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার ব্যর্থতাকে সরাসরি আঙুল দিয়ে দেখিয়েছেন এই কিংবদন্তি। সাঙ্গাকারা জোর দিয়ে বলেন, “সব স্তরেই সঠিক পথে ফেরার জন্য অনেক কাজ করার বাকি আছে। আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব যখন এত দ্রুত বিবর্তিত হচ্ছে, তখন আমরা বারবার একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করতে পারি না। আমরা মানিয়ে নিতে পারিনি এবং বর্তমান পরিস্থিতিতে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছি।” তিনি সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















