রাজধানীসহ সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও মূলত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে সকালের তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত আগামী কয়েক ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এর আগে মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে, সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আজ সন্ধ্যায় ৫টা ৫৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা ২৪ মিনিটে সূর্যোদয় হবে।
রিপোর্টারের নাম 
























