বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এ দুটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, উপনির্বাচনের বিস্তারিত তফসিল আজই (মঙ্গলবার) ঘোষণা করা হবে। এই উপনির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে ইসি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার আগ্রহ প্রকাশ করে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। সেই স্থগিত হওয়া নির্বাচনটিই এখন ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 



















