রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তার মতে, এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত ও অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তিনি মেট্রোরেল স্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণকালে স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার সুষ্ঠু ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ জাতীয় নাশকতা চালানোর সাহস না পায়।
গোলাম পরওয়ার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















