রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন সংযোজিত দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের অসামান্য অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাদের উপার্জিত রেমিট্যান্সেই মন্ত্রণালয় পরিচালিত হয়। তাই তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং সার্বিক কল্যাণে যা যা প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে।
মন্ত্রণালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিদেশে অবস্থানকালে আমাদের প্রবাসীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন; তারা প্রত্যেকেই এক একটি পতাকা হয়ে দেশের সম্মান বৃদ্ধি করেন। তাদের এই অবদানের স্বীকৃতি প্রয়োজন। একই সঙ্গে প্রবাসীরা দেশে ফিরে আসার পর যে ইতিবাচক ভূমিকা রাখেন, সেগুলোরও যথাযথ মূল্যায়ন হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি নতুন দায়িত্বে এসেছেন এবং সব বিষয়ে এখনো অবগত নন। তবে আগামী ১৮০ দিনের মধ্যে প্রবাসীদের জন্য সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী নুরুল হক। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূঁইয়া, উপসচিব ইমরান আহমদ, সহকারী পরিচালক মো. নাজমুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 






















