জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ‘আমার দেশ’-এর প্রতিনিধি এস এম তাওহীদ এবং সাধারণ সম্পাদক পদে ‘যায়যায়দিন’-এর প্রতিনিধি ওসমান সরদার নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি শাহরিয়ার আলম (খোলা কাগজ), যুগ্ম-সম্পাদক আহসান হাবীব (স্টার নিউজ), কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (বাংলাদেশ গার্ডিয়ান) এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আলী হাসান মর্তূজা (আমাদের সময়)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম (যুগান্তর) ও মো. নিশান খান (অর্থনীতির কাগজ)।
ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে জাবি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি।
নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু ও সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান, নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























