দেশের এভিয়েশন ও পর্যটন খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (বাটজা) নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গত রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়।
প্রতিষ্ঠাকালীন এই সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের ইমন চৌধুরী।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল ২৪), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং মাহতাব মিনহাজ (এটিএন নিউজ)।
সংগঠনটির নেতারা জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন ও পর্যটন শিল্পের সংবাদ পরিবেশনায় আরও বেশি স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে ‘বাটজা’ কাজ করবে। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং এয়ারলাইন্স খাতের মতো সংবেদনশীল বিষয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। এছাড়া সদস্যদের পেশাগত অধিকার রক্ষা ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু দারদা যোবায়ের এবং রাজিব খান। তারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মটি এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের মেধা ও দক্ষতার বিকাশে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা এই নতুন সংগঠনের যাত্রাকে স্বাগত জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















