অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে অবৈধ ইসরাইলি বসতি ‘ইলি’ আরও তিন গুণ বড় করার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, সেখানে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণ করা হবে। শনিবার ইসরাইলের ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্মোটরিচ আরও বলেন, পশ্চিম তীরে নতুন নতুন খামার ও বসতি স্থাপন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল সরকার। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, এই ৭৬৩টি নতুন ইউনিট নির্মিত হলে আগামী কয়েক বছরে অবৈধ ‘ইলি’ বসতির আকার বর্তমানের চেয়ে তিন গুণ বৃদ্ধি পাবে।
নাবলুসের কাছে প্রাণঘাতী এক সংঘাতের ঘটনার পরই এই বড় ধরনের বসতি সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ্যে এল। গত শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় সংঘাতের সৃষ্টি হয়, যেখানে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন।
আসন্ন নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত স্মোটরিচ বসতি সম্প্রসারণ নীতির একজন কট্টর সমর্থক। চলতি মাসের শুরুর দিকে তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ইসরাইলের নিরাপত্তা ক্যাবিনেট ১৩০ কোটি শেকেল (প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) বাজেট অনুমোদন করেছে। তিনি আরো জানান, ২০২২ সালের শেষের দিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষি আউটপোস্টের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্মিত সব বসতি সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা অগ্রহণযোগ্য।
রিপোর্টারের নাম 





















