বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সম্প্রতি দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে তারা একমত হয়েছেন। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে সামনে রেখে একটি ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইসহাক দার ড. খলিলুর রহমানকে তার নতুন দায়িত্বে অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।
তারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বাণিজ্যসহ বিভিন্ন খাত ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বাড়াতে সম্মত হন। দুই মন্ত্রীই দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার এবং একটি অগ্রসর ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 
























