ঢাকার মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে সড়কে প্রকাশ্যে ঘুরিয়ে মাইকিং করেছে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চাঁদাবাজ বা দখলবাজ যেই হোক, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের এমন ব্যতিক্রমী পদক্ষেপ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফারুক ওরফে কালা ফারুক। মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি ও এর আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে চাঁদা চেয়ে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন তিনি ও তার সহযোগীরা। সম্প্রতি কয়েকটি চাঁদাবাজির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে আত্মগোপনে চলে যান ফারুক।
পরে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে রোববার বিকেলে কেরাণীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক ব্যবসায়ীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপর হয়।
সহকারী কমিশনার মামুন বলেন, ফারুক ওই এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। তাকে গ্রেপ্তার করে জনসম্মুখে ঘোরানোর মাধ্যমে আমরা চাঁদাবাজ ও দখলবাজদের প্রতি কঠোর বার্তা দিতে চেয়েছি। অপরাধী যেই হোক, কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তারের পর ফারুককে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পুলিশ সদস্যরা। এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন হ্যান্ডমাইকে ঘোষণা দেন, “আমরা চাঁদাবাজকে ধরেছি। আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদা চাইতে এলে তাকে ধরে আমাদের খবর দেবেন।” পুলিশের এই কার্যক্রম এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























