নবগঠিত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকগুলোতে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তাঁরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানান।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি তাঁর দেশের দৃঢ় সমর্থন জানান। তিনি উল্লেখ করেন, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-চীন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে তাঁর সরকারের পূর্ণ প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি ভবিষ্যৎমুখী ও ভারসাম্যপূর্ণ ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন। দুই পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। হাইকমিশনার ভার্মা দ্রুততম সময়ে নয়াদিল্লি সফরের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারিত করতে তাঁর সরকারের গভীর আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উভয় দেশের জনগণের কল্যাণে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার।
এদিন সাক্ষাতের পর তিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন।
রিপোর্টারের নাম 
























